একদিনের বেতন নিয়ে বন্যার্তদের পাশে প্রযুক্তি পেশাজীবীরা

২৩ আগষ্ট, ২০২৪ ১০:৫৪  

আগ্রাসী ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে গেছে ফসলী জমিন। বানের তোড়ে ভেসে গেছে গবাদী পশুর পাল। এমন বিপর্যয়কর মুহূর্তে উদ্ধার কাজে অংশ নেয়ার পাশাপাশি নিজেদের বেতন থেকে একদিনের অর্থ প্রদান করছেন প্রযুক্তিপেশাজীবি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন অনলাইন পোর্টালের গণমাধ্যমকর্মী থেকে শুরু করে ফিনটেক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে এই উদ্যোগে।

ইতিমধ্যেই সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছে ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিকাশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

একই রকম উদ্যোগ নিয়েছে অনলাইন নিউজপোর্টাল ডিজিবাংলাটেক, ঢাকাপোস্ট, ঢাকামেইলসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এদিকে প্রযুক্তি সংগঠনের মধ্যে শুকনা খাবার ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে উদ্ধার কাজে স্পিডবোড নিয়ে বন্যাকবলিত স্থানে কাজ করছে ই-ক্যাব ও বেসিস।

এই কাফেলায় যুক্ত হয়েছে অনলাইনভিত্তিক জনপ্রিয় শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। শুধু কর্মীদের একদিনের বেতনের অর্থই নয়, সমপরিমাণ অর্থ টেন মিনিট স্কুলের ফান্ড থেকেও দেওয়া হবে।

এছাড়াও বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সকল সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।  শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সব ব্যক্তিরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে চান, তাঁরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় 
হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।